রামগঞ্জ ( লক্ষ্মীপুর) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশা করছেন সাগর খান হেলাল। তার সম্ভাব্য প্রার্থিতা ঘিরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে বলে দাবি করেছেন তার অনুসারীরা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সাগর খান হেলালের রাজনৈতিক কর্মকাণ্ড, দলের প্রতি তার ভূমিকা এবং ইউনিয়নবাসীর প্রত্যাশা নিয়ে আলোচনা চলছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভাদুর ইউনিয়নের সঙ্গে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে। বিএনপির সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া এবং সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মরহুম নাজিম উদ্দিন আহমদের জন্মভূমি হিসেবে এ ইউনিয়নের রাজনৈতিক গুরুত্ব রয়েছে বলে দলটির স্থানীয় নেতাকর্মীরা মনে করেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে ভাদুর ইউনিয়ন বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে সাগর খান হেলাল বলেন, “ছোটবেলা থেকেই বিএনপির আদর্শের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। রাজনৈতিক জীবনে নানা বাধা-বিপত্তি, মামলা ও হামলার মুখোমুখি হয়েছি। রাজনৈতিক প্রতিকূলতার সময়ে বাড়িতে অবস্থান করাও সম্ভব হয়নি। পরবর্তীতে বিদেশে অবস্থান করলেও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করেছি।”
তিনি বলেন, দলের আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি দলের দুঃসময়ে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। পারিবারিকভাবেও অনেককে সহযোগিতা করার চেষ্টা করেছেন বলে জানান তিনি।
সাগর খান হেলালের দাবি, তিনি ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড ও দলের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন বলেও জানান তিনি।
চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মতের ঊর্ধ্বে উঠে ইউনিয়নবাসীর সেবা করার প্রতিশ্রুতি দেন সাগর খান হেলাল।
তিনি বলেন, “ভাদুর ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, সামাজিক বন্ধন শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে কাজ করব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, সরকারি অনুদান ও দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত বিভিন্ন সহায়তা প্রকৃত উপকারভোগীদের তালিকা করে সুষমভাবে বণ্টনের উদ্যোগ নেওয়া হবে।
সাগর খান হেলাল বলেন, “চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ভাদুর ইউনিয়নবাসীর সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেব। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার জন্য কাজ করব এবং দলের দুঃসময়ে নির্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের চেষ্টা করব।”
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার পাশাপাশি রামগঞ্জের বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য প্রার্থী সাহাদাত হোসেন সেলিমের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন