প্রদীপ কুমার রায় :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা জজ আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় আদালত ভবনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তবে কী অভিযোগে বা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।
এর আগে ২০২৫ সালের ১৪ নভেম্বর রাতে রায়পুর শহরের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এলাকায় অভিযান চালিয়ে কামরুল হাসান রাসেলকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন ১৫ নভেম্বর তাঁকে লক্ষ্মীপুর সদর থানায় ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সম্প্রতি ওই মামলায় প্রায় তিন মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।
তাঁর গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। তাঁদের দাবি, রাসেলকে এর আগে মিথ্যা মামলায় কারাভোগ করতে হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন