পাটওয়ারী হোসেন শরীফ, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকে :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মাংস বাজারগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে গোবাদিপশু জবাই ও মাংস বিক্রি করা হচ্ছে। বিশেষ করে রামগঞ্জ কাঁচাবাজার, সোনাপুর বাজার, পানিওয়ালা, দল্টা বাজার ভাট্টাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বাজারগুলোতে খাসি ও গরুর মাংস বিক্রিতে প্রতারণা করা হচ্ছে। রামগঞ্জে পশুখানা থাকা সত্ত্বেও অনেক মাংস ব্যবসায়ী নিজ মাংসের দোকানে গরু, মহিষ, ছাগল জবাই করে মাংস বিক্রি করছে। এতে পশু জবাইয়ের রক্তে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পরিবেশ নষ্ট হচ্ছে।
শহরের ব্যস্ততম রামগঞ্জ ও সোনাপুর বাজারে দেখা যায়, কয়েকটি মাংসের দোকানে গরু, মহিষ, ছাগল, ভেড়া জবাই করছে কসাই। যদিও পৌরসভা ও ইউনিয়নের বাজারগুলোতে নির্ধারিত কসাইখানায় পশু জবাই করার নিয়ম রয়েছে। কিন্তু রামগঞ্জের বেশির ভাগ কসাই সে নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাজারের মধ্যেই পশু জবাই করছেন।
এ ছাড়াও রামগঞ্জের বেশির ভাগ মাংস ব্যবসায়ী মহিষকে গরু, বকরিকে খাসি বলে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে মাংস বিক্রি করছে। গরু-মহিষের মাংস প্রতি কেজি ৩ শ গ্রাম হাড় -চর্বি সহ ৯০০/ টাকা, হাড় ছাড়া ১০০০ টাকা। বকরি, খাসি ও ভেড়ার মাংস ১২শ টাকা বিক্রি করে রামরাজত্ব চালিয়ে যাচ্ছেন মাংস ব্যবসায়ী ও কসাইরা।
মন্তব্য করুন