banglarmukul
৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক এমপি হারুনুর রশিদের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া

প্রদীপ কুমার রায় :

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং দেশের বরেণ্য ক্রীড়া সংগঠক আলহাজ্ব হারুনুর রশিদ আর নেই। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুর খবরে নিজ এলাকা লক্ষ্মীপুরের রায়পুরসহ জেলার রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, ক্রীড়া সংগঠক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন।
হারুনুর রশিদ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামের কৃতী সন্তান। ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতীয় রাজনীতিতে পরিচিতি থাকলেও দেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদান ছিল আরও বিস্তৃত।
স্বাধীনতার পর দেশের ক্রীড়াঙ্গনে নতুন ধারার সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন হারুনুর রশিদ। ক্লাবটির সাংগঠনিক ভিত্তি গড়ে তোলা এবং ক্রীড়া কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া বাফুফের নির্বাহী কমিটির সদস্য, ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান, এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতির দায়িত্ব পালন করেন। দেশের ফুটবলের সাংগঠনিক কাঠামো ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়া প্রতিনিধিত্বে তাঁর সম্পৃক্ততা ছিল উল্লেখযোগ্য।
ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন। ২০২২ সালে শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে তাঁকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এছাড়া ক্রীড়া সংগঠক হিসেবে বিভিন্ন সময়ে আরও সম্মাননা ও স্বীকৃতি অর্জন করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী, ক্রীড়াঙ্গনের সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে রায়পুরের মানুষ একজন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্বকে হারানোর পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গন হারাল একজন অভিজ্ঞ সংগঠককে। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও ক্রীড়া জীবনের অবদান স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন শুভানুধ্যায়ীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি হারুনুর রশিদের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া

১

রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩

রায়পুরে ডাকাতিয়া নদীর জোয়ার-ভাটা বন্ধে মাছ বিলুপ্তির পথে, ব্যাহত হচ্ছে জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা

৪

ভালো থেকো

৫

গাছ কেটে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় ৫ নারীকে মারধর

৬

রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা

৭

রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক

৮

রায়পুরে অভিযানের পরও থামছে না অভৈধ বালু উত্তোলন ।। রাজনৈতিক বৈরিতা ভুলে সমন্বয়ের অভিযোগ

৯

রায়পুর বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদে পৌরসভার উদ্যোগ

১০

রায়পুরে স্বর্ণের দোকানে ভাঙচুরের অভিযোগ, তিন নারী থানায়

১১

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষীপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, ছেলে গুরুতর আহত

১২

রামগঞ্জে বাসচাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ,মানববন্ধন

১৩

রামগঞ্জের কাঞ্চনপুর দরগাহ শরিফে ২৬ নভেম্বর ১১ই অগ্রহায়ণ ৬৬৭তম বার্ষিক ওরশ মোবারক

১৪

এইচএসসি ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম রায়পুরের কাজী ফারুকী কলেজ

১৫

শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

রামগঞ্জ মডেল কলেজে সর্বোচ্চ নম্বর ১১৫৯ নম্বর পেয়ে জিপিএ-৫ পেলেন জান্নাতুল ফেরদাউস

১৭

নেপথ্যে নির্বাহী প্রকৌশলী লক্ষ্মীপুর-রামগতি সড়কের দেড়শ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়

১৮

অভিমানী

১৯

এইচএসসিতে অ-কৃতকার্য, অ-ভিমানে কিশোরীর আ-ত্ম-হ-ত্যা

২০