রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজে অনার্স পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন শিক্ষার্থীরা। পরীক্ষায় সিজিপিএ ৩.০০ বা তার ঊর্ধ্বে পেয়ে প্রথম শ্রেণি (ফার্স্ট ক্লাস) অর্জন করেছেন ২৮ জন শিক্ষার্থী। এ ছাড়া কৃতী শিক্ষার্থীদের মধ্যে তিনজন মেধাবৃত্তি লাভ করেছেন।
এ সাফল্য উদযাপন উপলক্ষে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজ মিলনায়তনে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কৃতী শিক্ষার্থীরা কেক কেটে ও মিষ্টিমুখের মাধ্যমে নিজেদের অর্জন উদযাপন করেন। আনন্দঘন পরিবেশে শিক্ষক ও শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে সাফল্যের আনন্দ ভাগাভাগি করেন।
কলেজের অধ্যক্ষ বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, নিবিড় পরিচর্যা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের সম্মিলিত ফল এই সাফল্য। শিক্ষার্থীদের এ অর্জন কলেজের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলের এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজের এ অর্জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সাফল্য আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।
মন্তব্য করুন