স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ২৭ পিস ইয়াবাসহ মো: সবুজ (৪২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে লক্ষ্মীপুর সদর থানাধীন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
আটক মো: সবুজ লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের কামালপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত শফিকুল ইসলাম এবং মাতার নাম কুসুম বেগম।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার লক্ষ্মীপুর সদর থানা এলাকায় দায়িত্ব পালনকালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মো. সবুজকে আটক করে তাঁর কাছ থেকে ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
মন্তব্য করুন