
কাজী মুহাম্মদ ইউনুছ :
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে ‘মা ইলিশ’ শিকারে সরকারি নিষেধাজ্ঞা চলাকালে মেঘনা নদীতে মাছ ধরার প্রতিবাদে ফেসবুকে ইলিশ মাছের ভিডিও প্রকাশ করেছেন দিদার (২৫) নামে এক জেলে। গত ১৮ অক্টোবর তাঁর ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দিদার জানান, ঋণের বোঝা ও দেনা থাকা সত্ত্বেও তিনি নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরতে যাচ্ছেন না। অথচ অনেক জেলে নদীতে মাছ ধরছেন। সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করার দাবিতে প্রতিবাদস্বরূপ তিনি ভিডিওটি প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কমলনগরের মেঘনা নদীর মতিরহাট, নাসিরগঞ্জ, মাতাব্বরহাট ও সাহেবেরহাট এলাকায় রাতের আঁধারে ইলিশ শিকারের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের পেছনে প্রভাবশালী রাজনৈতিক মহলের একটি সিন্ডিকেট ও অসাধু মৎস্য ব্যবসায়ীদের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে।
সরকার মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা ও ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য সাগর-নদীতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। এ সময়ে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ।
এ বিষয়ে কমলনগর কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার নুরুল আবছার জানান, নদীতে মাছ ধরার বিষয়টি তাঁর জানা নেই। তবে প্রতিদিনই তাঁদের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, মাছ ধরার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযান পরিচালনা করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। খুব শিগগিরই জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শ করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নিষেধাজ্ঞা চলাকালে নদীতে ইলিশ শিকারের অভিযোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ এবং নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল। তাঁদের মতে, প্রকৃত জেলেদের জীবিকা রক্ষায় সরকারি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধেও সমানভাবে আইন প্রয়োগ করা জরুরি।