প্রদীপ কুমার রায় :
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও তাঁতী লীগের নেতাকর্মীদের কথিত নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা ও পৌর তাঁতীদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলা ও পৌর তাঁতীদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি রায়পুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য সৃষ্টির পথ থেকে বিরত থাকার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, ‘হাসিনা ডিসেম্বরে আসবে না, হাসিনার লাশও এই দেশে আসবে না। তাই তোরা আপা আপা করিস না, নৈরাজ্য সৃষ্টি করিস না।’ তাঁরা আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তা প্রতিহত করতে তাঁতীদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন।
উপজেলা তাঁতীদলের সদস্যসচিব জহির হাজী বলেন, ফ্যাসিবাদের দোসর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা দেশের শিক্ষাঙ্গনসহ সাধারণ মানুষের ওপর যে নির্মম নির্যাতন ও নৈরাজ্য চালিয়েছে, তা ইতিহাসের জঘন্যতম অধ্যায়। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁতীদল সব সময় সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, দেশে যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা প্রতিহত করতে তাঁতীদলের নেতাকর্মীরা রাজপথে সজাগ রয়েছেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো নেতাকর্মী যেন নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, পৌর তাঁতীদলের আহ্বায়ক বোরহান উদ্দিন, সদস্যসচিব মোশাররফ হোসেন পিন্টুসহ উপজেলা ও পৌর তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মন্তব্য করুন