প্রদীপ কুমার রায় :
রাজনীতিতে নানা মত ও পথের বিভেদ থাকলেও মানুষের ভালোবাসা যে সবকিছুর ঊর্ধ্বে, তারই এক আবেগঘন দৃষ্টান্ত দেখা গেল লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হারুনুর রশিদের জানাজায়। রাজনৈতিক পরিচয়ের নানা সমীকরণের বাইরে গিয়ে তাঁকে শেষ বিদায় জানাতে রায়পুরে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ। তাঁর জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপজেলাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে তাঁর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, ব্যাবসায়ী ও ক্রিড়া সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা পড়ান আওলাদে রাসুল তাহের ইজ্জদ্দিন আল জাবেরী।
জানাজার আগে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, অ্যাডভোকেট আব্দুল মান্নান মুন্সী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সী, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, রায়পুর বাজার বনিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, এবং চরপাতা মজিবুল হক একাডেমির প্রধান শিক্ষক মজনু প্রমুখ।
হারুনুর রশিদ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। রাজনৈতিক বাস্তবতায় তাঁর দলীয় পরিচয় নিয়ে নানা আলোচনা থাকলেও নিজ এলাকায় তাঁর জানাজায় বিপুল মানুষের উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়। স্থানীয়দের আলোচনায় উঠে আসে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত সম্পর্ক, পরিচিতি ও দীর্ঘদিনের স্মৃতির জায়গা থেকে মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন।
এর আগে ঢাকায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রায়পুরে দ্বিতীয় জানাজা শেষে নিজ বাড়ির সামনের মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১৯৯৬ সালে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন হারুনুর রশিদ। রাজনীতির পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও তাঁর পরিচিতি ছিল। তিনি আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঁচবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে রায়পুরের রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে শোকের আবহ সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন