স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুরের কমলনগরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সবুজ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। অভিযানের সময় তাঁর এক সহযোগী পালিয়ে যান।
রোববার (২৫ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে কমলনগর উপজেলার ৭ নম্বর হাজিরহাট ইউনিয়নের চর লরেঞ্চ পূর্ব বাজারে শহিদ ট্যুর অ্যান্ড ট্রাভেলস ইন্টারন্যাশনাল নামের একটি দোকানের সামনে সড়কে এ অভিযান চালানো হয়।
আটক মো. সবুজ কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর ঠিকা গ্রামের মৃত মো. সিরাজের ছেলে।
ডিবির ওসি মো; আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল অভিযান চালিয়ে সবুজকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই ঘটনায় তাঁর সহযোগী নুর মোহাম্মদ প্রকাশ নুরা পালিয়ে যান। তিনি একই উপজেলার চর ঠিকা গ্রামের বাসিন্দা।
আটক ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
মন্তব্য করুন