রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রায়পুরের শ্রীশ্রী রাধা মদনমোহন মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জন্মাষ্টমী উদযাপন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র নেতা বাবু হরিপদ পাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দিলীপ কুমার বণিক।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি, রায়পুরের আহ্বায়ক শ্রী শিবু বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী তপন ভক্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়, পৌর সভাপতি মানিক লাল দাস ও সাধারণ সম্পাদক রুপম সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, মানবপ্রেম, ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষা তুলে ধরেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সুন্দর সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে রায়পুরের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জন্মাষ্টমী উপলক্ষে রায়পুরে ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচিকে ঘিরে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন