জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর:
পবিত্র ঈদুল আজহা যথাযথ মর্যাদায়, আনন্দমুখর ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে লক্ষ্মীপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ মে)দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
সভায় ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সড়ক ও নৌপথে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করা, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, চামড়া সংরক্ষণ এবং দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, “ঈদুল আজহা আমাদের একটি বড় ধর্মীয় উৎসব। কোরবানির পশুর হাটের শৃঙ্খলা বজায় রাখা এবং ঈদের পর দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে পৌরসভা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জাল নোট প্রতিরোধ এবং হাটের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খ্রীসা এবং জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন।
এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
মন্তব্য করুন