প্রদীপ কুমার রায় :
লক্ষ্মীপুরের রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের জেলা ও বিভিন্ন উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মামলার শিকার দুই সাংবাদিক হলেন দৈনিক বাংলাবাজার পত্রিকার রায়পুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও দৈনিক সবুজ বিপ্লবের সাংবাদিক মো. মিজানুর রহমান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, যথাযথ তদন্ত ও তথ্য-উপাত্ত যাচাই ছাড়াই দুই সাংবাদিককে মামলার আসামি করা হয়েছে। তাঁরা এ ঘটনাকে হয়রানিমূলক দাবি করে মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে দুই সাংবাদিককে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক মো. খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়ে কণ্ঠরোধের চেষ্টা গ্রহণযোগ্য নয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। সাংবাদিকদের হয়রানি বন্ধ না হলে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলা হবে।
সংগঠনটির পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবির বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কোনো সাংবাদিক অন্যায়ভাবে হয়রানির শিকার হলে তাঁর আইনি অধিকার রক্ষায় সংগঠনটি পাশে থাকবে।
জেলা শাখার সভাপতি একেএম মাহামুদ রিয়াদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মনজুরী আলার পরিচালনায় কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
মন্তব্য করুন