রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জে থানা পুলিশের উদ্যোগে পৌরসভা এলাকায় বিশাল মাদকবিরোধী সমাবেশ, র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান। পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক, সার্কেল এসপি মো. আব্দুর রাসেদ এবং রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুর রহিম, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব মিয়া মোহাম্মদ আলমগীরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা মাদককে সামাজিক অবক্ষয় ও অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
সমাবেশ শেষে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মন্তব্য করুন