
কাজী মুহাম্মদ ইউনুছ,
কমলনগর (লক্ষ্মীপুর) থেকে :
জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, আমাদের রাজনৈতিক পার্থক্য থাকতে পারে, আমরা একে অপরের সমালোচনা করবো কিন্তু সমাজ থেকে মাদক নির্মূলে এক হয়ে কাজ করতে চাই। মাদকের কারণেই সমাজে কিশোর অপরাধ বাড়ছে। এটাকে আর বাড়তে দেয়া যাবেনা। দেশের প্রত্যেক জায়গা কিশোর গ্যাংদের আইনের আওতায় আনা হচ্ছে। আমি কোন দল বুঝিনা অপরাধী যে দলের হোক আমরা সকলের সহযোগিতায় তাদের আইনের আওতায় আনতে চাই। মাদকসহ সকল অপরাধ দমনে প্রতিটি পাড়া মহল্লায় ইমাম-মোয়াজ্জেনসহ সকলের অংশ গ্রহনে একটি কমিটি করতে হবে।
রোববার (২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, আপনারা প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে তাকান, উনার মনে ভাষা বুঝার চেষ্টা করেন; তিনি কিন্তু দেশের জন্য কাজ করতে চায়। আসুন দেশের প্রয়োজনে আমরা সকলে মিলে প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।
এ সময় আশরাফ উদ্দিন নিজান বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আমাদের সমালোচনা করেন, আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেন। আমরা ভুল-ভ্রান্তি শুধরিয়ে দেশকে সামনে আগানোর চেষ্টা করছি। কিন্তু শত শত গাড়ি হাঁকিয়ে জনগনকে ভুল বুঝিয়ে দেশের ক্ষতি করার চেষ্টা করবেন না। দেশকে এগিয়ে নিতে তিনি বিরোধী দলকে ধৈর্য করার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামানের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন
হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবে এলাহি, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের।
কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, চর ফলকন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আ্যাডভোকেট মিজানুর রহমান, চরলরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন, কাদিরপণ্ডিতেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইকবাল হোসেন, গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট সোলাইমান চৌধুরী, কৃতি শিক্ষার্থী নাদিয় সুলতানা ও আফরিন জান্নাত মিম।
এ বছর এসএসসি ও দাখিল কমলনগর উপজেলায় ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪ টি মাদ্রাসায় মোট ৩২জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে। এদের মধ্যে চর লরেন্স উচ্চ বিদ্যালয় ১০, হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি ৫ ও চরজাঙ্গালিয়া এসসি ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।