রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজে নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কলেজটিকে সরকারি করার দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নূর উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. হারুন অর রশিদ ও মোহাম্মদ দেলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন ও সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক।
এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনোয়ার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু ও আবুল বাসার সতু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, পৌর ছাত্রদলের সভাপতি শাহিন আলম মুন্নাসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে কলেজের সহকারী অধ্যাপক ও বিএনসিসি ক্যাডেট দলের প্রধান হাবিব উল্যাহর নেতৃত্বে বিএনসিসি ক্যাডেটরা অতিথিদের গার্ড অব অনার প্রদান করেন। পরে কলেজ কর্তৃপক্ষ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়।
এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা কলেজের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও প্রতিষ্ঠানটিকে সরকারি করার দাবির বিষয়টি তুলে ধরেন।
মন্তব্য করুন