বাংলার মুকুল নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরের রামগঞ্জে গ্রাহকদের আধুনিক ও উন্নত ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি নতুন কাস্টমার কেয়ার ‘রবি সেবা’ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি।

আজ রবিবার (৪ অক্টোবর) বিকেলে রামগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র ‘রামগঞ্জ টাওয়ার’-এর দ্বিতীয় তলায় জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে এই নতুন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন রামগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজি আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও রবি কাস্টমার কেয়ারের পরিচালক কবির হোসেন পাটওয়ারী।

এছাড়া অনুষ্ঠানে রবির উচ্চপদস্থ কর্মকর্তা এবং রামগঞ্জ উপজেলা ও পৌরসভার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে প্রধান অতিথি কাজি আতিকুর রহমান বলেন, “গ্রাহকদের সর্বোত্তম অভিজ্ঞতা প্রদান করাই রবির মূল লক্ষ্য। রামগঞ্জ উপজেলার গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও দ্রুততম সেবা পৌঁছে দিতেই রবির এই নতুন পথচলা। আমি বিশ্বাস করি, এই সেন্টারের মাধ্যমে গ্রাহকেরা আরও স্বাচ্ছন্দ্যে ডিজিটাল সেবাগুলো উপভোগ করতে পারবেন।”

নতুন এই শোরুমটিতে গ্রাহকেরা রবি ও এয়ারটেল সংক্রান্ত সকল ধরণের সেবা এবং ডিজিটাল প্রোডাক্টস ও সলিউশনস এক ছাদের নিচে পাবেন। এখানে সিম রিপ্লেসমেন্ট (পরিবর্তন), নতুন সংযোগ ক্রয়, রোমিং সেবা, বিল পেমেন্ট এবং রবির নানা আকর্ষণীয় অফার সম্পর্কিত সব ধরনের সেবা সরাসরি প্রদান করা হবে।
সেবা কেন্দ্রটি প্রতি সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্রাহকদের জন্য খোলা থাকবে।
মন্তব্য করুন