স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. স্বপনকে (৪৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাসহ অস্ত্র, হত্যা, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর থানাধীন পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ইটেরপুল থেকে রসুলপুরগামী সড়কে রিয়াজের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. স্বপন পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ‘ডাকাইত্তাগো বাড়ি’র বাসিন্দা। তাঁর পিতার নাম রফিক উল্লাহ এবং মাতার নাম মোবাশ্বেরা খাতুন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, স্বপন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মামলা নম্বর-২৩, তারিখ ২২ জুলাই ২০২৬-এর এজাহারনামীয় পলাতক আসামি। মামলাটি দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, স্বপনের বিরুদ্ধে ওই মামলাসহ মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে অস্ত্র, হত্যা, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসংক্রান্ত মামলা রয়েছে।
মন্তব্য করুন