
কাজী মুহাম্মদ ইউনুছ,
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে হাম রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ৬ মাস থেকে ৫ বছর বয়সী (যাঁরা পূর্বে এমআর টিকা পাননি) শিশুদের লক্ষ্য করে বিশেষ ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
২৬ সেপ্টেম্বর (শনিবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মীর মোহাম্মদ আমিনুল ইসলাম মঞ্জু, এমওডিসি ডা. সোহেল রানা প্রমুখ।
জানা যায়, এলাকায় হাম রোগের সংক্রমণ রোধ এবং ঝুঁকিপূর্ণ শিশুদের শতভাগ টিকাদানের আওতায় আনতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে যেসব শিশু এখনও হাম-রুবেলার টিকা থেকে বঞ্চিত রয়েছে, তাদেরকে এই ক্যাম্পেইনের মাধ্যমে টিকার আওতায় আনা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কার্যক্রমটি সফল করতে উপজেলার বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করছেন। নির্ধারিত বয়সের কোনো শিশু যেন টিকা পাওয়া থেকে বাদ না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে যেসব শিশুর বয়স ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে এবং যারা এখনও হামের টিকা গ্রহণ করেনি, তাদেরকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করেছে যে, এই ক্যাচ-আপ ক্যাম্পেইনের মাধ্যমে কমলনগরে হামের প্রাদুর্ভাব সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যাবে।