রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মো. বেলাল হোসেন (নাম) নামে রামগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত বেলাল হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দক্ষিণ পানিয়ালা গ্রামের মোস্তান বাড়ির মরহুম হাসমত উল্যাহর ছেলে।
নিহতের স্ত্রী কোহিনুর বেগম, ছোট ভাই মো. কামাল হোসেন, মা সামছু নাহার এবং স্বজন আব্দুর রব, নজরুল ইসলাম, ইসমাইল হোসেন ও আবুল কালাম কালাসহ স্থানীয়রা তাঁর মৃত্যুকে রহস্যজনক দাবি করেছেন।
স্বজনদের অভিযোগ, সম্পত্তি নিয়ে একই বাড়ির দেলোয়ার হোসেনের পরিবারের সঙ্গে বেলাল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় বেলাল হোসেনের পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পাশাপাশি থানা ও আদালতে মামলা করা হয়।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, পাল্টা মামলায় গত ২৩ অক্টোবর গভীর রাতে পুলিশ বেলাল হোসেন, তাঁর স্ত্রী কোহিনুর বেগম, ছোট ভাই কামাল হোসেন ও মা সামছু নাহারসহ পরিবারের কয়েকজনকে বাড়ি থেকে আটক করে আদালতে পাঠায়। মামলার বাদী একই বাড়ির দেলোয়ার হোসেনের মেয়ে রিতু আক্তার। তাঁদের দাবি, মামলায় সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরবর্তী সময়ে অন্য আসামিরা জামিনে মুক্তি পেলেও বেলাল হোসেন জামিন পাননি।
কোহিনুর বেগম ও কামাল হোসেন অভিযোগ করেন, মিথ্যা তথ্য ও বানোয়াট অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়েছে। বেলাল হোসেন একজন অসহায় ও ভূমিহীন ব্যক্তি ছিলেন। আদালতে একাধিকবার হাজির হলেও তিনি জামিন পাননি। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তাঁরা।
নিহতের স্ত্রী কোহিনুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামীর মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আমার ছোট ছোট সন্তানদের নিয়ে এখন কোথায় যাব? আমাদের মাথা গোঁজারও জায়গা নেই।’
অন্যদিকে মামলার বাদী রিতু আক্তার বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে মামলা করেছি। তাঁর মৃত্যুর ঘটনায় আমাদের দায়ী করা হচ্ছে। আমরা ন্যায়বিচার পাওয়ার জন্যই মামলা করেছি।’
এ বিষয়ে থানা পুলিশ জানায়, মামলাটি বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে কার্যকর করা হয়েছিল। নিহতের ছোট ভাই জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন করে তাঁর হেফাজতে মরদেহ দাফনের অনুমতি চেয়েছেন।
এদিকে বেলাল হোসেনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
মন্তব্য করুন