প্রদীপ কুমার রায় :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অটোরিকশা চুরির অভিযোগে মো. রাব্বি (১৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
আটক রাব্বি উপজেলার কেরোয়া গ্রামের মনির হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের বহির্বিভাগের সামনে পার্ক করে রাখা একটি অটোরিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে ধরে ফেলেন। এ সময় তাকে গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নেন।
হাসপাতাল ও আনসার সূত্রে জানা যায়, আটকের পর রাব্বির দেহ তল্লাশি করে দুটি মোবাইল ফোন, দুটি অটোরিকশার চাবি উদ্ধার করা হয়। অভিযানে এপিসি মো. জাহাঙ্গীর হোসেন ও আনসার সদস্য চাইলাপ্রু মারমা অংশ নেন।
চুরি করতে যাওয়া অটোরিকশাটির মালিক রায়পুর উপজেলার ২ নম্বর ইউনিয়নের চর খাসিয়া গ্রামের নজরুল ইসলাম (৫৫)। দুপুর ১২টা ৪৫ মিনিটে আটক রাব্বিকে উদ্ধার করা মালামালসহ রায়পুর থানায় হস্তান্তর করা হয়। পরে অটোরিকশাটি মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
রায়পুর থানার পুলিশ জানায়, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন