স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দৈনিক নতুনচাঁদ পত্রিকার স্টাফ রিপোর্টার ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সদস্য তানভীর আহমেদ রিমনের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সাদ্দামের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় লক্ষ্মীপুর সম্পাদক-প্রকাশক পরিষদ তীব্র নিন্দা, ক্ষোভ প্রকাশ সহ জড়িতের দ্রুত গ্রেফতার ও তার শেল্টারদাতার ও শাস্তির দাবী জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিকের ভাষ্যমতে, পূর্বঘোষিত চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের একটি মিছিলে সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত হন সাংবাদিক তানভীর আহমেদ রিমন। মিছিল চলাকালে কোনো ধরনের পূর্ববিরোধ বা কথা-কাটাকাটি ছাড়াই হঠাৎ তাঁর ওপর হামলা চালান যুবদল নেতা আনোয়ার হোসেন সাদ্দাম। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁকে উদ্ধার করেন।
সাংবাদিক তানভীর আহমেদ রিমন অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি ও হুমকি দিতেন আনোয়ার হোসেন সাদ্দাম। বিষয়টি নিয়ে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাদের কাছে অভিযোগ দেওয়ার পর চাঁদা দাবি বন্ধ হয়ে যায়। মূলত ওই ঘটনার জের ধরেই তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে বলে তিনি মনে করেন।
এদিকে, ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আনোয়ার হোসেন সাদ্দামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন