প্রদীপ কুমার রায় :
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার প্রবেশ ও বের হওয়ার মুখে নির্মিত দুটি তোরণ। একটিতে লেখা ‘স্বাগত রায়পুর উপজেলা’, অন্যটিতে ‘ধন্যবাদ রায়পুর উপজেলা’। কিন্তু তোরণের নিচেই জমে আছে ময়লা-আবর্জনার স্তূপ। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশে। যে স্থান দিয়ে মানুষকে স্বাগত ও বিদায় জানানো হয়, সেই স্থানই এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে।
লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের বর্ডার বাজারের উত্তর পাশে দুই জেলার সীমানায় এ চিত্র দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ছয় থেকে সাত বছর ধরে রায়পুর পৌরসভার বিভিন্ন এলাকার বর্জ্য এনে সেখানে ফেলা হচ্ছে। এতে পথচারী, শিক্ষার্থী ও আশপাশের বাসিন্দাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুর পৌরসভার নয়টি ওয়ার্ড এবং বিভিন্ন হাটবাজারের বর্জ্য প্রতিদিন ভ্যানে করে এনে তোরণের আশপাশে ফেলা হয়। দীর্ঘদিন ধরে বর্জ্য জমতে থাকায় সড়কের পাশে জেলা পরিষদের একটি জলাশয়ের বড় অংশ ভরাট হয়ে গেছে। পাশের খালেও প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য ছড়িয়ে পড়ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, তোরণের নিচে ও সড়কের পাশে ময়লা-আবর্জনার বড় স্তূপ। পলিথিন, প্লাস্টিকসহ নানা ধরনের বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এসব বর্জ্য থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এ পথ দিয়ে চলাচলের সময় অনেককে নাক চেপে রাখতে দেখা যায়। গরম ও বৃষ্টির দিনে পরিস্থিতি আরও অসহনীয় হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, মাঝেমধ্যে বর্জ্যে আগুন ধরিয়ে দেওয়ায় কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. শাহআলম বলেন, ‘পৌরসভার ময়লা-আবর্জনার দুর্গন্ধে আমরা স্বাস্থ্যঝুঁকিতে আছি। অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। মহাসড়কের পাশে ও জলাশয়ে যেভাবে ময়লা ফেলা হচ্ছে, তাতে এলাকার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। অথচ এই ভাগাড়ের পাশ দিয়েই একদিকে মানুষকে স্বাগত, অন্যদিকে বিদায় জানানো হয়।’
সুজন নামের আরেক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলায় নিচু জলাশয়টি প্রায় ভরাট হয়ে গেছে। পাশের খালে এসব বর্জ্য ছড়িয়ে পড়ছে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য পানির সঙ্গে বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। এতে স্থানীয় এলাকার বাইরেও পরিবেশ দূষণের আশঙ্কা তৈরি হয়েছে।
রিপন নামের এক ব্যক্তি বলেন, ‘ময়লার দুর্গন্ধে এ পথ দিয়ে হাঁটাচলা করাই কঠিন। চলাচলের সময় শ্বাস নিতে কষ্ট হয়। প্রথম শ্রেণির একটি পৌরসভার প্রবেশমুখে এমন অবস্থা সত্যিই দুঃখজনক।’
স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী সালমা আক্তার জানায়, প্রতিদিন গাড়িতে করে এ সড়ক দিয়ে স্কুলে যাতায়াত করতে হয়। পথ অতিক্রমের সময় দুর্গন্ধে নাক চেপে রাখতে হয়। প্রতিদিনই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
এ বিষয়ে রায়পুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদ বলেন, পৌরসভার নিজস্ব কোনো ডাম্পিং স্টেশন নেই। বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং স্টেশন নির্মাণে পৌরসভার মালিকানাধীন জমি নেওয়া হয়েছে। শিগগিরই সেখানে নির্মাণকাজ শুরু হবে।
তিনি বলেন, গত ছয়-সাত বছর ধরে সড়কের পাশে ও জলাশয়ে এভাবে বর্জ্য ফেলা হচ্ছে। বর্তমানে বর্জ্য রাস্তার এক পাশে সরিয়ে রাখা হচ্ছে এবং আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে।
মন্তব্য করুন