মাহমুদুর রহমান মনজু :
লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত তাজুল ইসলাম (৬০) হত্যা মামলার প্রধান আসামি মাহফুজ (৩০)-কে গ্রেফতার করেছে র্যাব-১১। গতকাল রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার পূর্ব পরকোট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহিত কবীর সেরনিয়াবাত, আজ সোমবার (৬ এপ্রিল)।
গ্রেফতারকৃত মাহফুজ রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের নূরুল ইসলামের ছেলে।
র্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাজুল ইসলামের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। আদালত ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও আসামিরা তা অমান্য করে নির্মাণকাজ শুরু করেন। গত ২ মার্চ তাজুল ইসলাম ও তাঁর পরিবার নির্মাণকাজে বাধা দিতে গেলে আসামিরা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে মাহফুজ লোহার রড দিয়ে তাজুল ইসলামের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই মাহফুজ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানাধীন পূর্ব পরকোট এলাকার দারুল উলুম মহিউসসুন্নাহ মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন