বরিশাল প্রতিনিধি :
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে একটি ইটভাটাকে দেড় লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি দুটিরই ড্রাম চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে বরিশাল বিভাগীয় ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী চরকাউয়া এলাকার ‘মেসার্স ফাইভ স্টার ব্রিকস’-কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার অবৈধ ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয় এবং পানি দিয়ে কাঁচা ইট নষ্ট করা হয়।
অন্যদিকে, মেসার্স লুনা ব্রিকসে অভিযানকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মালিক ও ম্যানেজার পালিয়ে যান। ওই ভাটায় অবৈধভাবে পাঁজা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল। এর আগে গত ডিসেম্বর মাসেও এই ভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা ও চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। আজকের অভিযানে পুনরায় তাদের অবৈধ কাঁচা ইট ধ্বংস করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন সাংবাদিকদের জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন জানান, মেসার্স ফাইভ স্টার ব্রিকস কর্তৃপক্ষকে আগামী ৭ দিনের মধ্যে তাদের সকল অবৈধ কার্যক্রম বন্ধ ও স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা এ মর্মে মুচলেকা প্রদান করেছে। তিনি আরও বলেন, আমরা কাউকে বিন্দু মাত্র ছাড় দিবো না, পরিবেশ রক্ষায় এই অভিযান চলমান থাকবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন