পাটোয়ারী হোসেন শরীফ,রামগঞ্জ :
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার জোড় কবরস্থান থেকে সোনাপুরের মৌলভীবাজার পর্যন্ত প্রধান সড়কটি সংস্কারের দুই মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে পাথর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় সড়কটির এমন বেহাল দশা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’ (এলজিসিআরআরপি)-এর অর্থায়নে রামগঞ্জ জোড় কবরস্থান থেকে সোনাপুরের মৌলভীবাজার পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের আরসিসি ঢালাই কাজের দরপত্র আহ্বান করা হয়। ৩ কোটি ১৭ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ের এই কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স খোরশেদ আলম’। তবে সাব-ঠিকাদার হিসেবে কাজটি বাস্তবায়ন করেন আজিজুর রহমান বাচ্ছু মোল্লা। গত বছরের সেপ্টেম্বর মাসে সড়কটির সংস্কারকাজ শেষ হয়।
স্থানীয়দের অভিযোগ, সাব-ঠিকাদার আজিজুর রহমান বাচ্ছু মোল্লা কয়েকজন রাজনৈতিক নেতার প্রভাব খাটিয়ে এবং পৌরসভার প্রকৌশলীদের যোগসাজশে নিম্নমানের ও পরিমাণে কম সামগ্রী দিয়ে তড়িঘড়ি করে কাজটি শেষ করেন। নির্মাণকাজ চলাকালে অনিয়মের বিষয়ে বিভিন্ন অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হলেও ঠিকাদার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।
২৪ (নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, সড়কটির অন্তত ৯ থেকে ১৩টি স্থানে সিমেন্ট ও বালুর আস্তরণ সরে গিয়ে পাথর বের হয়ে পড়েছে। কোথাও কোথাও ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া অনেক স্থানে সড়কের দুই পাশের গাইড ওয়ালের ইট ভেঙে গেছে।
এলাকাবাসী জানান, রামগঞ্জবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। কিন্তু সংস্কারকাজের সময় পৌরসভার প্রকৌশলীদের তদারকিতে গাফিলতি থাকায় ঠিকাদার বৃষ্টির মধ্যেই নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই কাজ করেন। ফলে কাজ শেষ হওয়ার দুই মাসের মধ্যেই পাথর উঠে গিয়ে গর্ত তৈরি হচ্ছে। দ্রুত সড়কটি পুনঃসংস্কার না করলে কয়েক মাসের মধ্যেই এটি চলাচলের অযোগ্য হয়ে পড়বে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছাবে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
অভিযোগের বিষয়ে সাব-ঠিকাদার আজিজুর রহমান বাচ্ছু মোল্লা বলেন, ‘ঢালাই চলাকালীন বৃষ্টির পানি এবং মানুষের হাঁটাচলার কারণে আয়েশা রেস্টুরেন্ট হোটেলের সামনে বধূয়া বস্ত্রালয়ের আশপাশের কয়েকটি স্থানে পাথর দেখা যাচ্ছে।
যে গর্তগুলো দেখা যাচ্ছে, সেগুলো মূলত মানুষের পায়ের দাগ। এ ছাড়া গাইড ওয়ালের ইট ভেঙে থাকলে চূড়ান্ত বিল (ফাইনাল বিল) হওয়ার আগেই তা ঠিক করে দেওয়া হবে। আমাদের কাজের আর কোথাও কোনো ত্রুটি নেই।’