প্রদীপ কুমার রায় :
উগ্রবাদী সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’ প্রায় দুই মাস ধরে ছদ্মপরিচয়ে লক্ষ্মীপুরের রায়পুরে আত্মগোপনে ছিলেন। নিজেকে সাইফুল ইসলাম সুজন পরিচয় দিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন তিনি। স্থানীয় লোকজনের হাতে আটকের পর পাঁচ দিনের পুলিশি রিমান্ডে তাঁর প্রকৃত পরিচয় বেরিয়ে আসে। তাঁর ভাড়া বাসার উঠানের মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)।
পাঁচ দিনের রিমান্ড শেষে শনিবার তাঁকে আদালতে হাজির করা হয়। তবে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মামুন। স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করলে পালানোর সময় একটি ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটকের পর তিনি নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদর বলে পরিচয় দেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ১৭ নভেম্বর তাঁর রিমান্ড মঞ্জুর হলে রায়পুর থানায় জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তাঁর প্রকৃত পরিচয়। তিনি নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন, যিনি ‘বোমারু মামুন’ নামে পরিচিত।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মামুনের ভাড়া বাসার উঠানের মাটির নিচে গর্ত থেকে ১১টি আইইডি উদ্ধার করা হয়। পরে ১২ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে। তাঁকে বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলার তথ্য পাওয়া গেছে। অন্য মামলাগুলো বিবেচনায় তাঁকে পুলিশের স্পেশাল রেসপন্স টেররিজম ইউনিটের (এসআরইউ) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের প্রায় দুই মাস আগে পরিচয় গোপন করে ওই বাড়ি ভাড়া নেন মামুন। সেখানে এক নারী ও এক পুরুষের সঙ্গে বসবাস করতেন তিনি। বাড়ির মালিককে তাঁরা চর এলাকায় পোলট্রি খামার করার কথা জানিয়েছিলেন।
জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন মামুন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তখন তাঁর বয়স ছিল ২১ বছর। ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ তখন জানিয়েছিল, তিনি নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য ছিলেন। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, গত বছরের ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় মামুন ও তাঁর সহযোগী মোহাম্মদ আরিফ ওরফে ইমরানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনার মধ্যে গত বছরের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণ এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে যাত্রাবাড়ীতে তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া ব্যক্তির ফেলে রাখা ব্যাগ থেকে বোমা উদ্ধারের ঘটনা রয়েছে।
রায়পুরে ছদ্মপরিচয়ে দীর্ঘদিন অবস্থান এবং ভাড়া বাসার মাটির নিচে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। মামুনের রায়পুরে অবস্থান, তাঁর সহযোগীদের ভূমিকা এবং সংশ্লিষ্ট অন্য মামলাগুলো নিয়ে তদন্ত চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।