প্রদীপ কুমার রায় :
লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম হারুনুর রশিদের স্মরণে লক্ষ্মীপুরের রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার চরপাতা মজিবুল হক একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। অনুষ্ঠানে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন মজনু। এ সময় সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম, শিক্ষিকা সুমা ভৌমিকসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন মজনু বলেন, হারুনুর রশিদ ছিলেন এ প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠান এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁর অবদান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
অনুষ্ঠান শেষে মরহুম হারুনুর রশিদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।