প্রদীপ কুমার রায় :
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হেমরঞ্জন ঘোষ বাড়ি প্রাঙ্গণে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ৫১তম শ্যামাকালী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নবনির্মিত শ্রীশ্রী শ্যামাকালী ও শিবলিঙ্গ বিগ্রহ প্রতিষ্ঠা, বিনা মূল্যে চিকিৎসাসেবা, দীপাবলির মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টা ১ মিনিটে নবনির্মিত শ্রীশ্রী শ্যামাকালী ও শিবলিঙ্গ বিগ্রহের অভিষেক ও প্রতিষ্ঠা পূজার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিকেল ৩টা ১ মিনিটে মা-মনি স্পেশালাইজড হাসপাতালের সৌজন্যে বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় দীপাবলির মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করা হয়।
রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ পাটোয়ারী অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন। রাত ১২টা ১ মিনিটে মহাশক্তি শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা শুরু হয়। পূজা শেষে ভক্তরা পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং প্রসাদ বিতরণ করা হয়।
সোমবার (৯ নভেম্বর) সকালে বাল্যভোগ এবং দুপুরে রাজভোগ ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। শ্রীশ্রী শ্যামাকালী পূজা উদ্যাপন কমিটির সভাপতি দোলন কুরী ও সাধারণ সম্পাদক শিপন ঘোষসহ কমিটির সদস্যরা ধর্মপ্রাণ ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি এবং সহযোগিতায় আয়োজনটি সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।