প্রদীপ কুমার রায় :
লক্ষ্মীরের রায়পুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশুদের রচনা লেখা ও ছবি আঁকা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐক্য, দেশপ্রেম ও জাতীয় সংহতির যে বার্তা উচ্চারিত হয়েছিল, তা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
তিনি আরও বলেন, এ দিন আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহস ও জাতীয় ঐক্যের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, ক্রিড়া সংস্থার সদস্য সচিব শফিকুল আলম আলমাস, ওসি নিজাম উদ্দিন ভূইয়াসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।