স্টাফ রিপোর্টার:
কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে লক্ষ্মীপুর জেলার ৬টি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টার এ অভিযানে মোট ১৮২ জনকে আটক করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী পিপিএমের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। জেলার বিভিন্ন থানা এলাকার কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধপ্রবণতা রয়েছে- এমন বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। পাঁচ ঘণ্টার অভিযানে লক্ষ্মীপুর সদর থানায় ৬০ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ২০ জন, রামগঞ্জ থানায় ২৪ জন, রামগতি থানায় ১৩ জন, কমলনগর থানায় ১৭ জন এবং ডিবি পুলিশের অভিযানে ২৩ জনকে আটক করা হয়। সব মিলিয়ে আটক করা হয় ১৮২ জনকে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এবং কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ করা যায়, সে লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে লক্ষ্মীপুর জেলা পুলিশ বদ্ধপরিকর।