
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার দুটি আবাসিক হোটেলে পৃথক অভিযান চালিয়ে ৬ পুরুষ ও ১২ নারীসহ মোট ১৮ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটক ব্যক্তিদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ, সদর ও হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকায়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের রাজ আবাসিক হোটেল ও রিলাক্স আবাসিক হোটেলে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পেয়ার আহমেদ।
ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। প্রথমে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এসআই মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে একটি দল চৌমুহনী বাজারের রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালায়। সেখানে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইমাম হোসেন (৫০) ও পাঁচ নারীকে আটক করা হয়।
এরপর বিকেল ৫টার দিকে এসআই মো. ওসমান গনির নেতৃত্বে ডিবির আরেকটি দল রাজ আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। এ সময় আরমান হোসেন (২২), নাছির উদ্দিন (৩২) - হাতিয়া উপজেলা, মিজানুর রহমান (২২), মোজাম্মেল হোসেন (২০), রাকিব হোসেন (১৯) ও সাত নারীকে আটক করা হয়।
পুলিশের তথ্যমতে, দুই আবাসিক হোটেলে পরিচালিত পৃথক অভিযানে মোট ১৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ১২ জন নারী। আটক ব্যক্তিদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ, সদর ও হাতিয়া উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পেয়ার আহমেদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।