রামগঞ্জ ( লক্ষ্মীপুর ) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় ভাদুর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ নজরুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শরিফুল উল্যা আলমাস এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শারমিন সুলতানা। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে জাতীয় ও সামাজিক উন্নয়নে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ জন্য নিয়মিত পড়াশোনা ও পরিশ্রমের প্রতি গুরুত্ব দিতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, অযথা মোবাইল ফোন ব্যবহার ও বাইরে আড্ডায় সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং নিয়মিত পড়ার টেবিলে বসতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।