জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার মান্দারি বাজারে বিএনপি নেতা আক্তার হোসেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেলে মান্দারি বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বিএনপি নেতা আক্তার হোসেনের ওপর জামায়াত-শিবিরের ন্যাক্কারজনক ও ঘৃণিত সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এ সময় উত্তেজিত নেতা-কর্মীরা হামলাকারী ও তাদের নেতৃবৃন্দকে লক্ষ্য করে 'গুপ্ত গুপ্ত' বলে স্লোগান দেন এবং কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, হামলা-মামলা ও নির্যাতন করে বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। প্রশাসন যদি দ্রুত দোষীদের গ্রেপ্তার না করে, তবে আগামীতে স্থানীয় সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক ও বাজারের আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।