মিজানুর শামীম:
লক্ষ্মীপুরে পুলিশের কনস্টেবল পদে চাকরির জন্য ৩২ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে ৩০ জন পুরুষ ও ২ জন নারী এবং অপেক্ষমান তালিকায় আছেন ৫ জন। ১৭ মে রোববার বিকেলে জেলা পুলিশ সুপার মোঃ আবু তারেক বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, "সেবার ব্রতে চাকরি" এই স্লোগানকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল ফেব্রুয়ারি ২০২৬ নিয়োগ প্রক্রিয়া প্রথমে অনলাইনে আবেদনের মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে ধাপে ধাপে শারীরিক সক্ষমতার জন্য বিভিন্ন রকমের যাচাই-বাছাই করা হয়। এতে করে গত ১৮ এপ্রিল ১ম দিনে শারীরিক ও কাগজ পত্র যাচাই করা হয়। উর্ত্তীণ প্রার্থীদের ১৯ এপ্রিল ২য় দিনে Physical Endurance Test এর প্রথম ইভেন্টে ২০০ মিটার দৌড়, ২য় ইভেন্টে পুশআপ, তৃতীয় ইভেন্টে লং জাম্প, চতুর্থ ইভেন্টে হাই জাম্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ২য় দিনের উত্তীর্ণরা ২০ এপ্রিল তৃতীয় দিনে পঞ্চম ইভেন্টে অংশ নেন। এতে পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় সাড়ে ছয় মিনিটে এবং নারী প্রার্থীদের ১০০০ মিটার দৌড় ৬ মিনিটে অতিক্রম করতে হয়েছে। ৬ষ্ঠ ইভেন্ট (ড্র্যাগিং), এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের টায়ার নির্দিষ্ট সময়ে ৩০ ফুট দূরত্বে এবং নারী প্রার্থীদের ১১০ পাউন্ড ওজনের টায়ার নির্দিষ্ট সময়ে ২০ ফুট দূরত্বে অতিক্রম করতে হয়েছে। ৭ম ইভেন্ট রোপ ক্লাইম্বিং। এই ইভেন্টে পুরুষ প্রার্থীরা ১২ ফুট এবং নারী প্রার্থীরা ৮ ফুট রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করেন।
সকল প্রকার শারীরিক পরীক্ষা -নিরীক্ষায় অংশ নিয়ে উর্ত্তীণ হওয়ার পরে গত ৪ মে ১৫০ জন প্রার্থী ৪৫ নম্বর পেলে পাস করবে মাথায় রেখে ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেন। এতে ৪৫ জন পাস করেন। পরবর্তীতে ভাইভা ভয়েস শেষ হলে প্রাথমিক ভাবে ৩২ জনকে নির্বাচিত করা হয়। এদের মধ্যে ৩০ জন পুরুষ ও ২ জন নারী। অপেক্ষামান তালিকায় আছেন ৫ জন। প্রাথমিকভাবে নির্বাচিত ৩২ জনকে প্রথমে লক্ষ্মীপুরে পরবর্তীতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেকের পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিতদের এসব যাচাই-বাছাই শেষে কেহ যদি বাদ পড়ে তাহলে অপেক্ষামানে থাকা ৫ জনের তালিকা থেকে বাদ পড়া স্হান পূরণ করা হবে বলে জানা গেছে। চুড়ান্ত ভাবে নির্বাচিতদের নির্ধারিত সময়ের মৌলিক প্রশিক্ষণ গ্রহন শেষে ১৭তম বেতন গ্রেডে চাকরিতে নিয়োগ দিয়ে দেশের যেকোনো পুলিশ স্টেশনে দায়িত্ব পালনের জন্য যোগদান করতে বলা হবে।
জেলা পুলিশ সুপার মোঃ আবু তারেকের নিকট এ বিষয়ে মুঠোফোন জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতে ৩২ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচিতদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে জনমুখী পুলিশিং এর ব্যাপ্তি আরো বৃদ্ধি পাবে ও পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।