নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণের পর অটোরিকশা চালক রাজিব (১৮) নামে এক তরুণকে হত্যা করার খবর পাওয়া গেছে। তিনি দক্ষিণ গাইয়ার চর ফজু মোল্লা স্টেশন এলাকার অটোচালক মোস্তফার ছেলে। ২ মে শনিবার দুপুর বারোটায় উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে রাজিব নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরে রাত প্রায় ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা রাজিবের বাবার মোবাইল ফোনে কল দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ২ মে শনিবার দুপুর বারোটায় স্থানীয়রা বাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা বাসিন্দা জানান, শিমুলতলা এলাকার এক ব্যক্তি রাজিবের অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তাকে সর্বশেষ দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে ওই ব্যক্তি পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
রায়পুর থানা পুলিশ জানায়, বিষয়টিতে তদন্ত করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।